মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু বকর সিদ্দিক। শনিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য
আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে আলহাজ্ব আবু বকর সিদ্দিক বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদ তার পছন্দের আনারস প্রতীকের প্রার্থী আওলাদ হোসেন মৃধার পক্ষে কাজ করছেন। তিনি উপজেলার আওয়ামীলীগের নেতা কর্মীদের কাজ করারও নির্দেশ দিয়েছেন। এমপি নিজে বিভিন্ন জায়গায় অন্য প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও তার কর্মীদের দিয়ে হুমকী দিচ্ছেন। অনেক এলাকায় আমরা তাদের বাধায় পোস্টার লাগাতে পারছি না, লাগালেও তা ছিড়ে ফেলা হচ্ছে। আবার অনেক জায়গায় ক্যাম্প করতে দেয় নাই। আমি নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানিয়েছি।
আজ( শনিবার) আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিতভাবে জানিয়েছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তালুকদার বাবু, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি হাজী আফজাল হোসেন, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ সিরাজদিখান উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।